ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদকের বিনিময়ে সার পাচারকালে আটক ৯

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪৭, ২ নভেম্বর ২০২৫
মাদকের বিনিময়ে সার পাচারকালে আটক ৯

মাদকদ্রব্যের বিনিময়ে মিয়ানমারে সার পাচারের সময় ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত তিনটি বোট জব্দ করা হয়। উদ্ধারকৃত রাসায়নিক সারের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২৮ হাজার টাকা। 

শনিবার (১ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আরো পড়ুন:

তিনি জানান, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনছে বলে গোপন সংবাদ আসে। এরই ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে গার্ড স্টেশন হাতিয়া। অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের জন্য বহন করা ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯জন পাচারকারীকে আটক করা হয়। এই সারের বাজার মূল্য ১৪ লাখ ২৮ হাজার টাকা।

আটকরা হলেন- কক্সবাজারের পিত্তমখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে আবুল কাশেম (৪৫), সন্দ্বীপ উপজেলার উরিরচর এলাকার মুন্সি মাঝির ছেলে মো. সালাউদ্দিন (২৮), চট্টগ্রামের খুলশী থানার দামপাড়া টাইগার পাস এলাকার আব্দুর রহিমের ছেলে মো. সোহেল (৩৫), নোয়াখালীর হাতিয়া উপজেলার সূর্যমুখী শূন্যের চর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. বাহার (৫৭), ঢাকার দোহা উপজেলার মেথুলা বাজার দক্ষিণ শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে মো. আক্তার হোসেন (২৮)। 

আটক অন্যরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার আঠিয়া তলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের সালেহ আহাম্মদের ছেলে মো. সাহেল (২৮), পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) রাজাবাড়ী গ্রামের নুরুল হুদার ছেলে মো. নেছার উদ্দিন (৩৭) এবং তার ছেলে মো. সম্রাট মিয়া (১৬)।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়