হ্যাক হওয়া পোস্টে মা-বোনেরা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই: জামায়াত আমির
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমার এক্স একাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিকর একটা পোস্ট দেওয়া হয়েছে মা-বোনদের নিয়ে। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই মিছিল শুরু করল। মানে এই কাজ কে করেছে, ঠাকুর ঘরে কে রে; আমি কলা খাইনি অবস্থা।”
তিনি বলেন, “সাবধান করে দিচ্ছি। এ কাজ করবেন না। আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারে ইতরশ্রেণি না হলে কেউ এ কাজ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা কর। এই চোরাই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ, এখন আমার এডমিনের নিয়ন্ত্রণে আবার একাউন্ট ফিরে এসেছে। হ্যাক হওয়া পোস্টে, ওদের অপকর্মের জন্য যদি কোনো মা-বোন কষ্ট মেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই।’’
রবিবার (১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের দারোগালি মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোকে একজন বিশিষ্ট শিক্ষক ও শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা হত্যা করেছেন, তাদের জন্য এটি নতুন না। চব্বিশ পরবর্তী সময়ে তারা নিজের দলের দুই শতাধিক মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে খুন করে এটা আবার কোন রাজনীতি?”
তিনি বলেন, “আল্লাহ তায়ালা ৫ আগস্ট দেশে একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায়, যেখানে তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে হানাহানি হবে না, নোংরা রাজনীতি হবে না এবং মানুষে মানুষে বিভেদ তৈরি হবে না।”
শফিকুর রহমান বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। ক্ষমতার লড়াইয়ে নিজের দলের লোকদেরই হত্যা করা হচ্ছে, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।”
ঢাকা/তারিকুল/রাজীব