উখিয়ায় সালাউদ্দিনের সফরকে ঘিরে প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প্রার্থীর
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার-৪ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের উখিয়া সফরকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
তিনি এক ভিডিও বার্তায় জানান, বিএনপির এই শীর্ষ নেতার নির্বাচনী সফর উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উখিয়া উপজেলায় তার সকল ধরনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম স্থগিত রাখা হবে।
নুর আহমদ আনোয়ারী বলেন, “সালাউদ্দিন আহমদের আগমনকে সম্মান জানিয়ে এবং এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ছয় ঘণ্টার জন্য নির্বাচনী কর্মকাণ্ড ও তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতিতে প্রতিহিংসা নয়, সম্প্রীতি চাই আমরা।”
এর আগে, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কক্সবাজারে নির্বাচনী জনসভা উপলক্ষে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলও তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
রাজনীতি বিশ্লেষক মিনহাজ আবেদিন রিয়াদ বলেন, রাজনৈতিক অঙ্গনে এমন পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চয় ইতিবাচক দিক। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ আবশ্যক।
ঢাকা/তারেকুর/ফিরোজ