মেহেরপুরে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার মামলা
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাংনী থানা। ছবি: রাইজিংবিডি
মেহেরপুরের গাংনীতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ওই শিশুর পিতা ঢেপা গ্রামের মো. শাহাব উদ্দীন বাদী হয়ে ধানখোলা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ঢেপা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ আলীর (১১) বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
বুধবার দুপুর ২টার দিকে গাংনী উপজেলার ঢেপা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আবুল খায়ের ছেলে জালাল উদ্দীনের নির্মানাধীন ভবনের মধ্যে এ ঘটনা ঘটে। মামলার আসামী জুনায়েদ পার্শবর্তী গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী।
ধর্ষণ চেষ্টার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। মামলা হওয়ার পর থেকে জুনায়েদ পলাতক রয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেছে জুনায়েদের পরিবার।
শিশুটির মা জানান, কুল দেওয়ার প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। পরে তার মেয়ে বিষয়টি জানালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তিনি ধর্ষণ চেষ্টাকারী জুনায়েদের বিচার দাবি করেন।
শিশুটির দাদা আদম আলী জানান, তিনি মাঠ থেকে বাড়ি এসে জানতে পারি ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ তার নাতনিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির পিতা মো. শাহাব উদ্দীন জানান, আমার মেয়ে মিতু (৩) ও আমার চাচাতো ভাইয়ের ছেলে মুজাহিদ (১১) মিলে আমার বাড়ীর সামনে গেটের নিকট রাস্তায় খেলা করছিল। ওই সময় জুনায়েদ আমার মেয়ে মিতুকে কুল (বরই) দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং মুজাহিদ তার বাড়ীর দিকে চলে যায়। দুপুর পর্যন্ত মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি চলতে থাকে। আমার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে আমার মেয়ের নাম ধরে ডাকাডাকি করতে থাকলে আমার মেয়ে পায়জামা অর্ধেক খোলা অবস্থায় গাংনী থানাধীন ঢেপা পশ্চিমপাড়ার জালাল উদ্দীন নির্মাণাধীন ঘরের ভিতর থেকে দৌড়ে বের হয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমার স্ত্রী ঘরের ভিতরে গিয়ে আসামী জুনায়েদকে দেখে প্রশ্ন করলে জুনায়েদ আমার স্ত্রীর পা চেপে ধরে বলে ভাবী আমাকে মাফ করে দেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাজমিরা খাতুন বলেন, হাসপাতালে পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও গাইনি কনসালটেন্ড নেই। এ কারণে মেহেরপুর কিংবা কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবার বলা হয়েছে।
আব্দুর রাজ্জাক ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির পদের দায়িত্ব পালন করছেন বলে বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াত ইসলামের আমির ডা. রবিউল ইসলাম বলেন, “এটি ষড়যন্ত্র। রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই অপবাদ দেয়া হচ্ছে।”
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেছে। মামলা নং ০৬, তাং ০৪.০২.২৬ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক মো. নাহিয়ান বলেন, আজ বৃহস্পতিবার ওই শিশুকে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির জন্য নেয়া হবে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
ঢাকা/ফারুক/ফিরোজ