ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্ত

গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক ব্যক্তিকে হত্যার পর তার ব্যাটারি-চালিত ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্ত। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সুফিয়ান চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইজিবাইক চালক সুফিয়ান বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। তিনি পরিবার নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরায় বাসা ভাড়া করে থাকতেন।

মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাতে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। 

রাতে মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সুফিয়ানের মরদেহ শনাক্ত করে।

নিহতের আপন বড় ভাই বুলবুল চৌধুরী বলেন, ‘‘রাত হলেও ভাই বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজেছি। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। তার ইজিবাইক আমরা পাইনি।’’ 

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। তার শরীরে ক্ষত চিহ্ন ছিল।’’

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়