লালমনিরহাটে পুলিশের পোশাকে নারী আটক
লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আদিতমারীতে ভুয়া নারী পুলিশ সদস্য
লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। তারা ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার ভাদাই গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে ওই নারীকে আটকের পর স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। উদ্ধারকৃত ওই নারীর বাড়ি উপজেলার নামরী বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করছিলেন। কোনোভাবে পুলিশের একটি পুরোনো পোশাক সংগ্রহ করে সেটি গায়ে দিয়ে তিনি আদিতমারী এলাকায় চলে আসেন। ভোটকেন্দ্রের সামনে পুলিশের পোশাকে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কথায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করি। তদন্তে দেখা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। কোথা থেকে তিনি পুলিশের এই পুরোনো ইউনিফর্মটি পেয়েছেন, আমরা তা খতিয়ে দেখছি। আপাতত তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/শিপন/ফিরোজ