‘আগে ভোট পরে বিয়ে’
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিয়ের পোশাকে ভোট দিতে আসেন সামিউল ইসলাম।
নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্ব পালন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার সামিউল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৩২ বছর বয়সী এই যুবক।
নীলফামারী-৪ আসনে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মনজুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম।
স্থানীয়রা বলছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার উদাহরণ স্থাপন করেছেন।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, '‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’’
কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল উদাহরণ সৃষ্টি করলেন। তাকে দেখে অন্য যুবকরা নাগরিক দায়িত্ব পালন উৎসাহী হবেন।
ঢাকা/সিথুন/বকুল