রংপুরে ভোট পড়েছে ৪৯ শতাংশ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরের একটি ভোটকেন্দ্র
রংপুরের ৬টি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ৩টা পর্যন্ত ৮৭৩টি কেন্দ্রের তথ্যানুসারে, গড়ে ৪৯ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ৩টায় এ তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। এর আগে বেলা ১২টা পর্যন্ত ৩৪ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছিল বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। প্রায় প্রতিটি কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। বিশেষ করে এবার পুরুষ ভোটারদের চেয়ে নারীর ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। অনেক এলাকায় প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে বিনামূল্যে রিকশা, ভ্যানসহ অন্যান্য ব্যবস্থা ছিল। ফলে এবার নারী ভোটারদের এমন উপস্থিতি ঘটেছে কেন্দ্রগুলোতে।
দুপুরে রংপুর ৪ আসনের পীরগাছা উপজেলার পারুল শ্রীরামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, এখনোও জনে জনে কেন্দ্রে আসছে ভোটাররা। এর আগে এই কেন্দ্রটিতে সকাল ৯টা নাগাদ উপস্থিতি ছিল দীর্ঘ সারির।
কেন্দ্রটিতে ভোট দিতে আসা শেফালী বেগম নামের এক নারী ভোটার বলেন, গেল তিনটি নির্বাচনে উৎসবমুখরভাবে ভোট কেন্দ্রে আসতে পারেনি। এবারেই প্রথম আনন্দ উৎফুল্ল নিয়ে ভোট দিতে এসেছি। কেন্দ্রে ভোটারদের লাইন দেখে খুবই ভালো লাগছে বলেও জানান এই ভোটার।
সফিয়া নামের আরেক নারী ভোটার জানান, সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে স্বামী সন্তানদের খাওয়ায় দিয়ে এক প্রার্থীর পাঠানো পরিবহনে করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোটারদের কেন্দ্রের টানার এই উদ্যোগকে খুশি তিনি। তার মতে, শেষ পর্যন্ত ভোটের পরিবেশ যেন সুষ্ঠু থাকে।
এছাড়াও দুপুর দুইটায় রংপুর নগরীর আদর্শ স্কুল ভোট কেন্দ্রে এসে দেখা যায়, ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা। কেন্দ্রটিতে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মনসুর রহমান জানান, সকাল থেকেই ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। দুপুরের পর থেকে ভোটার উপস্থিতি অনেক কমেছে। তবে দুপুর দুইটা পর্যন্ত কেন্দ্রটিতে ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।
এদিকে বিকেল তিনটা পর্যন্ত রংপুরে ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে রংপুর-৪ এবং রংপুর-২ আসনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন। এই ছয়টি আসনে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি আসনে বিএনপি ও জাপার সাথে ১১ দলীয় জোটের প্রার্থীদের ত্রিমুখী ও কোথাও বিএনপি সঙ্গে জামায়াতের দিমুখী লড়াইয়ের আভাস মিলেছে।
ঢাকা/আমিরুল/ফিরোজ