মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে আটক ৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেছেন, “খবরটি শুনেছি। কিন্তু, বিস্তারিত এখনো জানি না। ওটা সেনাবাহিনী জানে।”
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নাহিদ নামের একজনকে বুধবার রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে আটক নাহিদের বাসস্থান ও আশপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দে জানিয়েছেন, নাহিদের নামে মুন্সীগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে, সে কার পক্ষে কাজ করছে, সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।
সকাল ১০টার দিকে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম। তবে, এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/রতন/রফিক