ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজয়ের পর প্রতিক্রিয়া

গণহত্যা গুম খুনের বিচার হবেই: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
গণহত্যা গুম খুনের বিচার হবেই: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ।

১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম খুন হত্যা নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালে ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ও ক্ষতিগ্রস্তদের বিচার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের বিচার অবশ্যই হবে এবং তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।’’

তবে সামাজিক শান্তি ও জাতীয় ঐক্য অটুট রাখতে একটি ‘রিকনসিলিয়েশন’ বা সামাজিক পুনর্মিলন প্রক্রিয়া শুরু করার প্রস্তাব সংসদে তোলা হবে বলেও জানান তিনি। তার ভাষ্য, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে একযোগে বিচারিক প্রক্রিয়া শুরু হলে জাতীয় ঐক্যে প্রভাব পড়তে পারে। এ কারণে সংসদে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলনের যে দৃষ্টান্ত রয়েছে, সেসব অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেওয়া হবে।’’

বিজয়ের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, ‘‘দল কোনো বিজয় উল্লাসে যাবে না। সামনে বড় দায়িত্ব রয়েছে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান কর্তব্য।’’

তিনি দাবি করেন, নির্বাচনের আগে ও পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ও উচ্ছ্বাস থেকেই দলটি স্পষ্ট বার্তা পেয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। রাষ্ট্র পরিচালনায় ভুল হতে পারে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ এমন বিশ্বাস থেকেই জনগণ দলটির পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রযুক্তিনির্ভর, মেধাভিত্তিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা ইতোমধ্যে জনগণের সামনে তুলে ধরা হয়েছে।

চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুক দাড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। 

ঢাকা/তারেকুর//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়