ঢাকা-১৯: জয় পেলেন বিএনপির দেওয়ান মোহাম্মদ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ৬৫ হাজার ৬৯৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। গণভোটেও ‘হ্যা’ জয়যুক্ত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ভোট গণনা শেষে সাভার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আসনটির ২৭৫টি কেন্দ্রে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মো. বাহাদুর ইসলাম পেয়ছেন ২ হাজার ৪০৭ ভোট, এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী পেয়েছেন ৬৩৭ ভোট, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ইস্রাফিল হোসেন সাভারী পেয়েছেন ৬৪৪ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল পেয়েছেন ২১৩ ভোট।
অন্যদিকে, গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৬১৮টি। ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৪৭ হাজার ১১১টি।
ঢাকা-১৯ আসনে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৭৬ জন। ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৪৮৭টি। আসনটিতে ভোট পড়েছে ৪৫.৪৩ শতাংশ।
ঢাকা/সাব্বির/মাসুদ