ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সময় খুব বেশি নেই, পাঁচ বছর দেখতে দেখতে কেটে যায়: আরিফুল হক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
সময় খুব বেশি নেই, পাঁচ বছর দেখতে দেখতে কেটে যায়: আরিফুল হক

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “সময় খুব বেশি নেই, পাঁচ বছর দেখতে দেখতে কেটে যায়। তাই এখন থেকেই দেশের জন্য এবং নির্বাচনি এলাকার উন্নয়নে কাজে নেমে পড়তে হবে।”

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছে, তার প্রতি আমরা দায়বদ্ধ। কাজের পরিমাণ অনেক বেশি। সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে কেটে যায়।”

তিনি জানান, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ তার নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণই হবে তার প্রধান লক্ষ্য।

মন্ত্রিত্ব পাওয়াকে ব্যক্তিগত অর্জন নয় বরং সিলেটবাসীর উপহার হিসেবে উল্লেখ করেন আরিফুল হক।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চাই সততা ও নিষ্ঠার সঙ্গে।”

রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আরিফুল হক বলেন, “কারো প্রতি বৈরি মনোভাব না রেখে আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।”

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়