ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খনন শুরু হবে: পার্বত্য মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১ মার্চ ২০২৬  
১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খনন শুরু হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আগামী ১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খনন শুরু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, ‘‘কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য জেলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শীঘ্রই এ সব কাজ শুরু করা হবে।’’ 

রবিবার (১ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না।’’  

সরকারি কর্মকর্তাদের বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘‘আমি আপনাদের সহযাত্রী হতে চাই। পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এগুতে হবে। কাউকে বাদ দিয়ে নয়।’’ তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থের বিষয়গুলো চিহ্নিত করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, এই অঞ্চলের উন্নয়নের দাবিগুলো তিনি সরাসরি সরকার প্রধানের কাছে তুলে ধরবেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান সতর্ক করে বলেন, ‘‘উন্নয়ন বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য হলে সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে।’’ তাই সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করার জন্য তিনি সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। 

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ কার্যক্রম ও অগ্রগতি মন্ত্রীর সামনে তুলে ধরেন। পরে একই সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন। 

ঢাকা/শংকর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়