রাজার ব্যাটে শেষ ম্যাচে জিম্বাবুয়ের লড়াকু সংগ্রহ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। দিল্লিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার দৃঢ়তায় ৭ উইকেটে ১৫৩ রান করেছে। এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে জিততে করতে হবে ১৫৪ রান।
ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে দারুণ লড়াই করেন রাজা। তাদের ১৫৩ রানের মধ্যে ৭৩ রানই আসে তার ব্যাট থেকে। মাত্র ৪৩ বলে ৮টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া ক্লাইভ মাদান্দে ৩ চারে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া ব্রিয়ান বেনেট ১৫ ও ডিওন মায়ার্স করেন ১১ রান।
বল হাতে দক্ষিণ আফ্রিকার কিয়েনা মাফাখা ৪ ওভারে ২১ রানে ২টি উইকেট নেন। করবিন বোশ ৪ ওভারে ৪০ রানে নেন ২টি উইকেট।
সুপার এইটের গ্রুপ-১ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আর বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। সম্ভাবনা জেগে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের। আজ সন্ধ্যায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
ঢাকা/আমিনুল