সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫৩ জন উদ্ধার, আটক ১৫
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫৩ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে পাচারচক্রের ১৫ সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১৫৩ জনকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে মানবপাচারে জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে।”
তিনি আরো বলেন, “উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ঢাকা/তারেকুর/রাজীব