ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার আইনজীবী সমিতিতে সংখ্যাগরিষ্ঠ পদে আ.লীগ সমর্থিতদের জয়

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১ মার্চ ২০২৬  
কক্সবাজার আইনজীবী সমিতিতে সংখ্যাগরিষ্ঠ পদে আ.লীগ সমর্থিতদের জয়

সভাপতি আবদুল মান্নান ও সম্পাদক আখতার উদ্দিন হেলালী।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্যানেলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল। 

তবে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।

আরো পড়ুন:

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মান্নান। সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আখতার উদ্দিন হেলালী। 

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে সহ-সাধারণ সম্পাদকসহ ৭ জন জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদকসহ ৬ জন নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতিসহ ৪ জন জয় পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার আহমদ কবির শনিবার (২৮ ফেব্রুযারি) দিবাগত রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী পেশাজীবীদের প্রতিষ্ঠান কক্সবাজার আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ১ হাজার ২০০ জন। এবারের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত ছিলেন ৯৪৩ জন আইনজীবী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ৮৮৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সমিতির বার্ষিক নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। এবারই প্রথম তিনটি পৃথক প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলেও এবার দুই দলের সমর্থকরা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ৫ আগস্টের পরবর্তী সময়ে নির্বাচন করেননি; এবার তারা নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং নির্বাহী সদস্য আজিজুল করিম।

জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক আখতার উদ্দিন হেলালী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য একেএম শাহজালাল চৌধুরী, মোহাম্মদ নেজামুল হক এবং নির্বাহী সদস্য এস এম জসিম উদ্দিন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোহাম্মদ মহিউদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য জিয়াউদ্দিন আহমদ ও ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সদস্য পদে পারভীন সুলতানা পিয়া ও সেকাব উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার আহমদ কবির বলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালে অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রার্থীদের পক্ষ থেকেও সন্তোষজনক সহযোগিতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ধারিত বিধি অনুযায়ী ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়