ওসমানী বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য ছাড়া অন্য ফ্লাইট চলাচল স্বাভাবিক
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকলেও অন্যান্য ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ রবিবার (১ মার্চ) বিকেলে রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
হাফিজ আহমেদ জানান, বিমানবন্দরে কোনো বিশৃঙ্খলা বা অতিরিক্ত চাপ নেই। একমাত্র মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো বন্ধ রয়েছে। তবে অন্যান্য সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিচালক আরো বলেন, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের যাত্রীদের ইতোমধ্যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা পাওয়া গেলে মধ্যপ্রাচ্য রুটে ফ্লাইট চালুর বিষয়ে যাত্রীদের দ্রুত অবহিত করা হবে।
রবিবার (১ মার্চ) দুপুরে রাজধানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, ইরানে হামলা এবং ইরানের পাল্টা হামলার কারণে দোহা, দুবাই ও আবুধাবিগামী ফ্লাইট বন্ধ থাকবে। এছাড়া মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।
ঢাকা/মোসাইদ/বকুল