নারায়ণগঞ্জে তিন নারীকে গাছে বেঁধে চুলকেটে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভুক্তভোগী তিন নারী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। ভুক্তভোগী তিন নারীর মধ্যে একজনের বাড়ি কুমিল্লায় এবং বাকি দুজনের বাড়ি খুলনায়।
নির্যাতনের শিকার নারীরা জানান, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নিতে তারা একটি বাড়িতে যান। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিথ্যা অভিযোগ এনে তাদের আটক করা হয়। পরে এলাকাবাসী গাছের সঙ্গে বেঁধে তাদের মাথার চুল কেটে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “চুরির অভিযোগে আইনগত শাস্তির বিধান রয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অনিক/মাসুদ