ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১৪:০০, ৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো

পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার সেখানে যাওয়ার কথা ছিল।

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে এই সফর স্থগিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই আসনে আগামী ৯ এপ্রিল উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে জয়ী হওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। ফলে এই সংসদীয় আসনে হবে উপ-নির্বাচন। 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “যেহেতু, বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেহেতু এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগ উঠতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মের মধ্যে থাকতে চান বলেই তার এ সফর স্থগিত করেছেন।”  

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল করা হয়েছে। পরে নতুন তারিখ জানানো হবে।”

এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি নিজ এলাকায় সফরকালে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করা হয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২ মার্চ দুপুরে বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়