বাগেরহাটে দেবর-ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ।
বাগেরহাট সদর উপজেলায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- আজমির শেখ (৪০) ও জাহাঙ্গীর শেখ (৫৫)। সম্পর্কে তারা গৃহবধূর দেবর ও ভাসুর।
লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরে গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এমনকি রাতের বেলায় ঘরের দরজায় শব্দ করে বিরক্ত করতেন বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্বামীকে জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
অভিযোগে বলা হয়, গত ৩ মার্চ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত দুইজন কয়েকজন শ্রমিক নিয়ে গৃহবধূর বসতবাড়িতে প্রবেশ করেন। সেখানে পূর্বে কাটা মাটি দিয়ে গর্ত ভরাটকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর শেখ কোদাল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং আজমির শেখ কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে ওই গৃহবধূর শ্লীলতাহানি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মেডিকেল রিপোর্ট সংগ্রহ এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আমিনুল/মাসুদ
‘পয়লা মে দিবস’ এর ইতিহাস