ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অন্যের দোকানের ভাড়া চান বিএনপি নেতা, না দেওয়ায় তুলকালাম

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৫ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৪, ৫ মার্চ ২০২৬
অন্যের দোকানের ভাড়া চান বিএনপি নেতা, না দেওয়ায় তুলকালাম

বাগেরহাটের কচুয়ায় অপু কর্মকার (৫২) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) রাতে এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত মামুন শেখ উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির সহ-সম্পাদক ও রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। অপু কর্মকার সাইনবোর্ড বাজারের রুপশ্রী জুয়েলার্সের স্বত্বাধিকারী।

অপু কর্মকার বলেন, “সাইনবোর্ড বাজারে প্রায় ৪০ বছর ধরে আমার স্বর্ণের ব্যবসা। বাজারে আমার আরো তিনটি দোকান ভাড়া দেওয়া আছে। মামুন নির্বাচনের ১০ দিন আগে ওই তিন দোকানের ভাড়াটিয়াদের কাছে ভাড়া চান। তখন স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয়। এরপর কিছুদিন আর তিনি ভাড়া চাননি।”

তিনি বলেন, “বুধবার সন্ধ্যায় ভাড়াটিয়াদের কাছে মামুন আবার ভাড়া চান। আমি ভাড়াটিয়াদের ভাড়া দিতে নিষেধ করি। তখন মামুন লোক পাঠিয়ে আমাকে বাজার কমিটির অফিসে ডেকে নেয়। সে সময় তিনি ভাড়া দিতে নিষেধ এবং ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের কাছে নালিশ করেছি কেন জানতে চেয়ে মারধর শুরু করেন। পরে আমার দোকানে তালা দিয়ে দিন তিনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামুন শেখ বলেন, “অপু কর্মকারের ছোট ভাইয়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে অফিসে ডাকা হয়েছিল। কথা বলার সময় দু-একটি ধাক্কা দেওয়া হয়েছে। কোনো মারপিট করা হয়নি।”

এ বিষয়ে সাইনবোর্ড বাজার কমিটির সভাপতি ও রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল বলেন, “অন্যের দোকানের ভাড়া মামুন চাইতে পারেন না; আর সেই জেরে কাউকে মারতে বা দোকানে তালা দিতেও পারেন না। এ বিষয়ে জরুরি সভা ডাকা হয়েছে।”

কচুয়া থানার ওসি শফিকুর রহমান বলেন, “ব্যবসায়ীকে মারধর ও দোকানে তালা দেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/আমিনুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়