বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে শুকুর আলী নামে এক চা দোকানি আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন বাড়িতে আছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় হামলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট পরা ৪ থেকে ৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি বর্ষণ করে। পাশাপাশি তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় চা দোকানি শুকুর আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, “আমি অফিসের মধ্যেই ছিলাম। কয়েকজন এসে বাইরে থেকে গুলিবর্ষণ করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানি না। পুলিশ এসেছিল সব দেখে গেছে। এই বিষয়ে রাতেই থানায় অভিযোগ করা হয়েছে।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, “এলাকায় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ