ঝিনাইদহ
একই স্থানে বিএনপির দুপক্ষের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই পক্ষ ইফতার মাহফিলের আয়োজন ঘিরে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (৮ মার্চ) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নির্দেশনা চলবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস এ নির্দেশনা জারি করেছেন। কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নলডাঙ্গা সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে সামনের মাঠে রবিবার ইফতার মাহফিলের আয়োজন করেন।
একই দিন একই স্থানে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের পক্ষে উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন ইফতার মাহফিলের ঘোষণা দেন। একই স্থানে একই সময়ে দুই পক্ষের ইফতার মাহফিলের আয়োজন ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্ধারিত মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, “জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/রাজীব