ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজির খবর যেন না শুনি, নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৯ মার্চ ২০২৬  
চাঁদাবাজির খবর যেন না শুনি, নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন

দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে চলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “মানুষের সঙ্গে কেউ কোনো ধরনের অনাচার করতে পারবেন না। কোনো উচ্ছৃঙ্খলতা বা চাঁদাবাজির খবর যেন না শুনি। সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”

রবিবার (৮ মার্চ) রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রবিবার দুপুরে প্রথমবারের মতো নিজের নির্বাচনি এলাকায় আসেন সালাহউদ্দিন আহমদ। রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় অবস্থানকালে তার সঙ্গে দেখা করতে আসা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে—মানুষ যাতে মনে করে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর তারা শান্তিতে থাকতে পারছে। মানুষ উন্নয়ন পাবে, শৃঙ্খলা পাবে এবং শান্তি পাবে। সবাইকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”

চকরিয়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজের গ্রামের বাড়ি পেকুয়ার শিকদারপাড়ায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়