ভেড়ামারায় দুর্বৃত্তের ‘গুলিতে’ ছাত্রদল কর্মী আহত
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চঞ্চল হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তের ‘গুলিতে’ চঞ্চল হোসেন (২৫) নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মারধরের শিকার হন মাসুম মোল্লা নামে এক যুবক। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (১১ মার্চ) রাতে ভেড়ামারার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীরা জানান, বুধবার কাচারিপাড়ায় মোটরসাইকেলের সাইট দেওয়াকে কেন্দ্র করে জীবন ও কাওসারের সঙ্গে তামিম ও লিখনের হাতাহাতি হয়। সেখানে আহত হয়ে জীবন ও কাওসার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁয়ে একদল দুর্বৃত্ত এসে চঞ্চলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার সঙ্গে থাকা মাসুম মোল্লাকে মারধর করে।
হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, চঞ্চলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার মাথার বাম পাশের ওপরের অংশে গুরুতর আঘাত লেগে ফেটে গেছে। কিসের আঘাতে ফেটেছে তা স্পষ্ট নয়।
আহত চঞ্চল ও মাসুম মোল্লা জানান, রাতে ঘটনাস্থলে এসে দুর্বৃত্তরা প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে চঞ্চলের মাথায় গুলি করে। তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত এসে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে এবং মারধর করে বলে অভিযোগ করেন তারা।
ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, রাতে দুর্বৃত্তদের হামলায় আমাদের দুইজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। আহতরা বাড়িতে ফিরলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, “মোটরসাইকেল সাইট দেওয়াকে কেন্দ্র করে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোনো পক্ষের অভিযোগ আসেনি। ঘটনার তদন্ত চলছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ