ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইনজেকশন পুশ করতেই ২ নারীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৫:১১, ১৫ মার্চ ২০২৬
ইনজেকশন পুশ করতেই ২ নারীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইনজেকশন প্রয়োগের পর দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি অভিযুক্ত নার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

রবিবার (১৫ মার্চ) সকালে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চতুর্থ তলার ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া নারীরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের বাসিন্দা সেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা হেলেনা (৪৫)। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয় হেলেনার স্বজন মাসুম অভিযোগ করেন, সেফালীর গালে সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার তাদের শরীরে ভুলবশত নরকিউ (NorQ) নামের একটি অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তারা মারা যান। ঘটনাটিকে চিকিৎসায় গাফিলতি বলে অভিযোগ করে দায়ীদের শাস্তি দাবি করেছেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে বলেন, ‍“কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। এটি আমার ভুল হয়েছে।”

হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মুনীর জানান, মারা যাওয়া দুই রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নার্সের অবহেলার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, প্রকৃত কারণ অনুসন্ধানে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়