ঈদে ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যাবেন: সড়কমন্ত্রী
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রিশালের বাকেরগঞ্জে গোনা সেতু উদ্বোধন করেছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “ঈদ উদযাপনে আগামী ২-৩ দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি, তাতে আশা করি, কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবেন।”
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়ক এখনো দুই লেনের। স্বাভাবিক চলাচল প্রশ্নে এটা অত্যন্ত সরু। এই মাহসড়ক আরো চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকারের আছে।”
তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়।”
গোনা সেতু উদ্বোধন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, “এই সেতুটির ফলে কেবল যে একটি এলাকার মানুষ উপকৃত হবে তা কিন্তু নয়, বরং বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।”
অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/পলাশ/মাসুদ