১২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি সিলেটের রেলপথ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত ট্রেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের কাছে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা অতিবাহিত হলেও সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। দুর্ঘটনার কারণে অন্তত তিনটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ এ তথ্য জানান।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে সিলেটমুখী তেলবাহী একটি ট্রেনের ছয়টি বগি মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার ফলে তেল ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক, জমি ও খালে। এ সময় স্থানীয় বাসিন্দারা ট্রেনটি থেকে হাঁড়ি-বালতি ও ড্রামে ভরে তেল নিয়ে যান। ঘটনার পরপরই ট্রেনটি উদ্ধার তৎপরতা শুরু করে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। যৌথভাবে তারা ক্ষতিগ্রস্ত বগি সরানো ও রেললাইন সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, “দুর্ঘটনার কারণে অন্তত তিনটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “উদ্ধার কার্যক্রম দ্রুত এগোচ্ছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরো চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।”
ঢাকা/রাহাত/মাসুদ
বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় পরিবর্তনের খবর সঠিক নয়: জনপ্রশাসন মন্ত্রণালয়