ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভ্যাট অডিটের আওতায় ৬০০ প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২ এপ্রিল ২০২৬  
ভ্যাট অডিটের আওতায় ৬০০ প্রতিষ্ঠান

অটোমেটেড পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরমধ্যে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এবং ৩২টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, ভ্যাট অডিট প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউলের সফল বাস্তবায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তা থেকে ২০টি রিস্ক কাইটেরিয়ার ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে। 

নতুন এই পদ্ধতিতে প্রাথমিকভাবে ২০টি রিস্ক কাইটেরিয়ার নির্ধারণ করে ঝুঁকির ব্যপকতার বিবেচনায় সুনির্দিষ্ট ওয়াটেজের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনরুপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোন সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট কার্যক্রম সম্পন্নের পর কার্যকর ফলাফল পাওয়া না গেলে রিস্ক কাইটেরিয়াসমূহ এবং এতে ব্যবহৃত  ওয়াটেজের পরিবর্তন করা হবে। 

নতুন সংযোজিত এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রাথমিকভাবে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভ্যাট অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতা বান্ধব করার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করাও সম্ভব হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়