ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- নূর হোসেন, সহিদুল এবং উজ্জ্বল মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন এবং রেহানা খাতুন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাব আলীকে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আকরাম হোসেন বলেন, “১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ত্রিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া, সোহরাব আলী, স্বরূপা খাতুন এবং রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
ঢাকা/মিলন/রাজীব