হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ, অপেক্ষায় সংগ্রহকারী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ প্রজাতির মা মাছ নমুনা ডিম ছেড়েছে। এখন পূর্ণমাত্রায় ডিম ছাড়ার আশায় নদীর দুই তীরে অবস্থান করছেন ডিম সংগ্রহকারীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে হালদায় ডিম সংগ্রহের অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। দুপুরের পর নদীর বিভিন্ন স্থান থেকে নমুনা ডিম সংগ্রহ করেন সংগ্রহকারীরা। মধ্যরাতে রুই জাতীয় মাছ আবার ডিম ছেড়েছে। তবে, পরিমাণে বেশি নয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, “নদীর পরিবেশ এখন ডিম ছাড়ার জন্য অনুকূল হয়ে উঠছে। দুই দফায় নদীর কয়েকটি স্থানে নমুনা ডিম পাওয়া গেছে। তবে, এর পরিমাণ অনেক কম। পানির ঘোলাভাব এখন ১০০ থেকে ১৫০ এর মধ্যে রয়েছে। এটি ৬০০ থেকে ৭০০-এ পৌঁছালে মা মাছ পূর্ণমাত্রায় ডিম ছাড়বে।”
ডিম সংগ্রহকারীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নদীর হাটহাজারীর গড়দোয়ারা ইউনিয়নের নয়াহাট, রাউজানের পশ্চিম গুজরা আজিমের ঘাট ও নাপিতের ঘাট এলাকায় নৌকা নিয়ে অপেক্ষায় ছিলেন সংগ্রহকারীরা। কেউ কেউ ১০ থেকে ১৫ গ্রাম করে ডিম পেয়েছেন।
ডিম সংগ্রহকারী মো. কামাল বলেন, “মা মাছ ডিম ছাড়ার আভাস দিয়েছে। এখন সবাই অপেক্ষায় আছি কখন পূর্ণমাত্রায় ডিম ছাড়বে।”
হালদায় প্রতি বছর ৭০০ থেকে ৮০০ জন সংগ্রহকারী ডিম ধরার জন্য প্রস্তুত থাকেন। পূর্ণমাত্রায় ডিম ছাড়ার জন্য বজ্রসহ ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আবহাওয়া তৈরি হলে ডিম সংগ্রহের মৌসুম জমে উঠে।
ঢাকা/রেজাউল/রাজীব
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি