ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছিনতাইয়ের তদন্তে গিয়ে ‘ছিনতাইকারীদের’ হামলায় আহত ২ পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১ মে ২০২৬   আপডেট: ১৮:০০, ১ মে ২০২৬
ছিনতাইয়ের তদন্তে গিয়ে ‘ছিনতাইকারীদের’ হামলায় আহত ২ পুলিশ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে ‘ছিনতাইকারীদের’ হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ সময় তাদের ব্যবহৃত একটি শটগান লুটের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “রাতে তিন যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টহলে থাকা এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিত টের পেয়ে ১০ থেকে ১৫ জন ছিনতাইকারী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে কনস্টেবল ফয়সাল ও এএসআই সোহেল রানা গুরুতর জখম হন। পরে পুলিশের আরেকটি দল খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে, কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “পুলিশের লুট হওয়া অস্ত্রটি বন্দর থানা পুলিশের অপর একটি দল সকাল সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে একই এলাকার একটি গাছের নিচ থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।”

ঢাকা/অনিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়