মেলায় বন্ধুদের মধ্যে কথা-কাটাকাটি, স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিয়াম।
ময়মনসিংহের মুক্তাগাছায় এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) ভোরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম নামের ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এ সময় কথাবার্তার একপর্যায়ে বন্ধুদের দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সিয়ামকে এলোপাথাড়ি মারধরের একপর্যায়ে মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহতাবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সিয়াম মারা যায়।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/রাজীব
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি