ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সচল হচ্ছে সীমান্ত বাণিজ্য, কাঠ নিয়ে টেকনাফে এল আরো ২ ট্রলার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৩ মে ২০২৬   আপডেট: ১০:৪৩, ১৩ মে ২০২৬
সচল হচ্ছে সীমান্ত বাণিজ্য, কাঠ নিয়ে টেকনাফে এল আরো ২ ট্রলার

মিয়ানমার থেকে কাঠ নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসা একটি ট্রলার।

ধীরে ধীরে সচল হতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দর কেন্দ্রিক সীমান্ত বাণিজ্য। এরই ধারাবাহিকতায় মিয়ানমার থেকে আরো দুটি কাঠবোঝাই ট্রলার এই স্থলবন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে ট্রলার দুটি স্থলবন্দরের জেটি ঘাটে পৌঁছায়। এর মধ্যে আমদানিকারক এম কাইসার জুয়েলের ৪০ টন এবং মেসার্স এসআইএস ইন্টারন্যাশনালের মালিক ওমর ফারুকের ১১০ টন কাঠ রয়েছে।

আরো পড়ুন:

গত ১ মে দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো ৪২ টন কাঠবাহী একটি ট্রলার বন্দরে আসে। সব মিলিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৯টি ট্রলারে প্রায় ৩০০ টন কাঠ টেকনাফ বন্দরে পৌঁছেছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে আলু রপ্তানি করা হয়।

বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, “মিয়ানমার থেকে ছেড়ে আসা কাঠবোঝাই ট্রলার দুটি বন্দরে পৌঁছেছে। বন্দরের প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে কাঠগুলো খালাস করা হবে। এর আগে, আরো সাতটি কাঠবোঝাই ট্রলার এসেছিল।”

আমদানিকারক এম কাইসার জুয়েল ও ওমর ফারুক বলেন, “ট্রলারে প্রায় দেড়শ টন কাঠ এসেছে। স্থলবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে সেগুলো খালাস করা হবে। আমরা চাই, আগের মতো বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসুন।”

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে গত বছরের এপ্রিল মাস থেকে কার্যত সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের বিরোধের জেরে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে আবারো প্রাণ ফিরতে শুরু করেছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়