বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাং-এর দুই সদস্য আটক
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত বাবু শিকদার।
বরিশালে চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবু শিকদার (৩০) নামে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং-এর সদস্যরা। এ সময় স্থানীয়রা ওই গ্যাং-এর সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শুক্রবার ভোর রাতে নগরীর ৫ নাম্বার ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার পলাশপুরের কালাম শিকদারের ছেলে।
নিহতের ভাই নাঈম হোসেনের দাবি, পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবু শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নাঈম হোসেন জানান, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় শুক্রবার ফজর নামাজের আগে টোকাই মধুর নেতৃত্বে কিশোর গ্যাং-এর সদস্যরা তার উপর আচমকা হামলা করে। এ সময় কিশোর গ্যাং-এর সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত উপস্থিত ছিলেন।
‘‘এ সময় আমরা দৌড়ে ঘটনাস্থলে যাই। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বাবু শিকদারকে আহত অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে,’’ বলেন নাঈম হোসেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিতচন্দ্র নাথ জানান, কিশোর গ্যাং-এর হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দুজনকে আটক করেছি। বাকিদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
ঢাকা/পলাশ//