ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৫ মে ২০২৬  
অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

‘মায়াপাখি’ নাটকের দৃশ্য

ঈদুল আজহা উপলক্ষে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন একক নাটক ‘মায়াপাখি’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির আগেই নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। কারণ ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ টিমের তৃতীয় কাজ এটি। এ দুটো নাটকও দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তাই এ টিমের তৃতীয় কাজটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

আগের দুটি নাটকের মতো ‘মায়াপাখি’ নাটকের গল্পও সম্পর্ক ঘিরে। কিন্তু ধরন একেবারে আলাদা। নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবেন; শিহরিত হবেন। আর গল্পের শেষে কোনো দর্শকই ঠিক থাকতে পারবেন না; তার মন লুটপাট হয়ে যাবে।

আরো পড়ুন:

মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো—বেনী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। মায়ার এই সহজ-সরল-সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে। গল্প সম্পর্কে নির্মাতা জাকারিয়া সৌখিন আপাতত এটুকুই ধারণা দিয়েছেন। এর বাইরে আর কিছুই বলতে চাইছেন না। পুরোটাই দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান পরিচালক। জাকারিয়া সৌখিন বলেন, “যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।”

জিয়াউল ফারুক অপূর্ব নাটকটি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “মায়াপাখি’ এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।”

নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নীহা বলেন, “মায়াপাখি’ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। আপাতত একটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সনালি আমি খুবই এক্সাইটেড।”

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাশুক প্রমুখ। ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মায়াপাখি’।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়