ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়াকে সিটি করপোরেশন করে গেজেট প্রকাশ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৫ মে ২০২৬   আপডেট: ১২:৫৬, ১৫ মে ২০২৬
বগুড়াকে সিটি করপোরেশন করে গেজেট প্রকাশ

ফাইল ফটো

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে সিটি করপোরেশনে রূপ পেল বগুড়া। বর্তমান পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ মে) রাতে জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

গেজেট অনুযায়ী, আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুসারে বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়েছে।

নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এর আওতায় বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজাও যুক্ত হয়েছে।

অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তরে ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সিটি করপোরেশন গঠনের অংশ হিসেবে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং স্থানীয়দের মতামত নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয় সরকার। পরে স্থানীয়দের মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়