ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভয়নগরে অন্যের টিসিবি লাইসেন্স ঠেকাতে গিয়ে নিজেই কারাগারে 

যশোর (অভয়নগর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৫ মে ২০২৬   আপডেট: ১২:১৫, ১৫ মে ২০২৬
অভয়নগরে অন্যের টিসিবি লাইসেন্স ঠেকাতে গিয়ে নিজেই কারাগারে 

যশোরের অভয়নগরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারশিপ বাতিল ঠেকানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে অহিদুজ্জামান নামে এক প্রতারককে  আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অহিদুজ্জামান মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের হযরত আলীর ছেলে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অহিদুজ্জামান নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে টিসিবির ডিলারশিপ বাতিল ঠেকানোর আশ্বাস দিয়ে দুজন ডিলারের কাছে মোট আড়াই লাখ টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকালে তিনি নওয়াপাড়া নূরবাগ সংলগ্ন এলাকায় ‘ভাই ভাই ট্রেডিং’ নামের একটি অফিসে ওই টাকা নিতে আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় অহিদুজ্জামানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভুক্তভোগী ডিলার হুমায়ূন কবির জানান, গত কয়েকদিন ধরে একটি অজ্ঞাত নাম্বার থেকে তাকে বারবার ফোন করে টিসিবির ডিলারশিপ বাতিল ঠেকানোর কথা বলে অর্থ দাবি করা হচ্ছিল। এছাড়া আহসানুল কাদির নামে আরও একজন ডিলারের কাছে মুঠোফোনে একইভাবে অর্থ দাবি করা হয়। 

স্থানীয়রা জানান, অহিদুজ্জামান দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। প্রশাসনের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেন তারা।

ঢাকা/প্রিয়ব্রত//

সর্বশেষ

পাঠকপ্রিয়