ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩৫ মণ ওজনের নজরকাড়া ‘নেইমার’

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৫ মে ২০২৬   আপডেট: ১৩:১৪, ১৫ মে ২০২৬
৩৫ মণ ওজনের নজরকাড়া ‘নেইমার’

‘নেইমারের’ যত্ন নিচ্ছেন পরিবারের সদস্যরা

কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন গরুর খামারিরা। যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গা মশিয়াহাটি গ্রামের একটি খামারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৩৫ মণ ওজনের ফ্লেকভি জাতের একটি ষাঁড়। মাথার সামনের চুলের স্টাইলটা অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো হওয়ায় মালিক ভালোবেসে নাম রেখেছেন ‘নেইমার’। 

মশিয়াহাটি গ্রামের বাসিন্দা নিরাঞ্জন পাড়ের ছেলে দেবু পাড় ষাঁড়টির মালিক। প্রায় ৪ বছর ধরে তিনি ষাঁড়টি লালন-পালন করেছেন। তিনি জানান, একে মোটাতাজা করতে কোনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয়নি।

আরো পড়ুন:

নেইমারের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে খৈল, ভুষি, খড়, ভুট্টার গুঁড়া ও দেশি সবুজ ঘাস। মাঝে মাঝে তাকে খুদ চাউলের ভাতও খাওয়ানো হয়। বিশাল এই ষাঁড়টিকে প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার খাওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, সাদা-কালো রঙের সুঠাম দেহের ‘নেইমার’কে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন দেবু পাড়ের বাড়িতে। অনেকেই অবাক হচ্ছেন, এত বিশাল ও শক্তিশালী একটি ষাঁড়কে কোনো দড়ি ছাড়াই নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখে।

দেবু পাড় বলেন, “আমার ছোট এই পারিবারিক খামারে মোট ৬টি গরু আছে। তবে নেইমারকে ঘিরেই আমাদের সব স্বপ্ন। পরিবারের সবাই মিলে দিনরাত এর পেছনে পরিশ্রম করছি। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করিনি, তবে আশা করছি এবারের কোরবানির বাজারে এটি বড় চমক দেবে।”

খামারি দেবু পাড়ের প্রত্যাশা, বিশাল আকৃতির এই ‘নেইমার’ অন্তত ১২ লাখ টাকায় বিক্রি হবে। যারা নেইমারকে কিনতে আগ্রহী, তাদের সরাসরি বাড়িতে এসে দেখে দামাদামি করার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা/প্রিয়ব্রত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়