ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ আগুন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৭ মে ২০২৬   আপডেট: ১০:২১, ১৭ মে ২০২৬
বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ আগুন

প্রাথমিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন

বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ‍কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ক্ষতিগ্রস্ত বাবলু মহহ্রী, মিদু রাখাইনসহ আরো কয়েকজন ব্যবসায়ী জানিয়েছে, গভীর রাতে আগুন লাগে। কোথায় থেকে আগুন ধরেছে তারা কেউ জানেন না। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় জিনিসপত্র কেউ বের করতে পারেননি।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা বলেন, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জেনেছি বাজারের পেছনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা হয়নি বলে তিনি জানান।

এর আগে সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি। ব্যবসায়ীরা বলছেন, সেই দুর্দশা থেকে কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল, এখন আবারো একই ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্ত মাধ্যমে বিস্তারিত পরে জানা যাবে।

ঢাকা/চাইমং/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়