ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন অপু

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৯ মে ২০২৬  
ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন অপু

শরিফুল ইসলাম অপু

ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মনোনীত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। 

দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করা শরিফুল ইসলাম অপুকে ক্রীড়াঙ্গনে অবদান, সাংগঠনিক দক্ষতা এবং খেলাধুলার প্রসারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা থাকলেও এর আগে বিসিবি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কোনো গুরুত্বপূর্ণ কমিটিতে ছিলেন না তিনি।

শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তার পাড়া ক্লাবের মাধ্যমে। পরে তিনি ফেনী সরকারি পাইলট হাই স্কুল ক্রিকেট দলের সদস্য হিসেবে পরিচিতি পান। ২০০৪ সালে জাতীয় স্কুল-মাদরাসা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে খেলেন।

একই বছরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লিগে অভিষেক হয় তার। তবে, ২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে ডান হাতে গুরুতর চোট পান। এর পর অল্প বয়সেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে সংগঠক হিসেবে কাজ শুরু করেন।

২০০৯ সালে তিনি ‘ক্রিকেট ইনস্টিটিউট‘ নামের একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই ফেনী থেকে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উঠে আসেন। আরো কয়েকজন খেলোয়াড় বয়সভিত্তিক দলে সুযোগ পান। ২০১০ সালে বিসিবির নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন তিনি।

শরিফুল ইসলাম অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ‘এফপিএল’ নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা ফেনীর ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এসব আয়োজনে বর্তমান বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, তাবিথ আউয়াল, অবসরপ্রাপ্ত কর্নেল ওয়ালীউল্লাহ ও সাবেক জাতীয় ক্রিকেটার আকরাম খানের মতো ব্যক্তিত্বের সম্পৃক্ত করে চমক সৃষ্টি করেন। 

২০১১ সালে শরিফুল ইসলাম অপুর নেতৃত্বে বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট আয়োজন করা হয়, যেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড় তৈরি হয়। ২০১৪ সালে ‘এফপিএল টি-২০’ আয়োজনের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজনও প্রশংসিত হয়।

দীর্ঘদিন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

ক্রীড়া সংগঠনের পাশাপাশি শরিফুল ইসলাম অপু ক্রীড়া লেখক হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি দৈনিক ফেনীর বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমে নিয়মিত ক্রীড়া কলাম লিখছেন।

এছাড়া আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার‌্যাক্টের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে ২০২৩-২৪ সালে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন শরিফুল ইসলাম অপু। সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

নতুন দায়িত্ব পাওয়ার পর শরিফুল ইসলাম অপু সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “এ স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরণা যোগাবে।” 

ফেনী তথা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়