ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় মানিকগঞ্জের মহাসড়ক ও নৌপথে ৫০০ পুলিশ মোতায়েন

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৪ মে ২০২৬  
ঈদযাত্রায় মানিকগঞ্জের মহাসড়ক ও নৌপথে ৫০০ পুলিশ মোতায়েন

সিংগাইর সড়ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট এবং এর সংলগ্ন মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে প্রায় ৫০০ পুলিশ সদস্য।

আরো পড়ুন:

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ মৌসুমে ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর ও আশুলিয়াসহ আশেপাশের অঞ্চলের কর্মজীবী মানুষ ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়ক ব্যবহার করে ঘাট এলাকায় পৌঁছান। এছাড়া রাজধানী থেকে ছেড়ে আসা বেশিরভাগ মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকেরা হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে পাটুরিয়া ঘাটে যান। ফলে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ অংশের ৪০ কিলোমিটার এবং সিংগাইরের শহীদ রফিক সেতু (ধল্লা সেতু) থেকে পাটুরিয়ামুখী ৫০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ তৈরি হয়।

এই অতিরিক্ত চাপ সামলাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে অতিরিক্ত চেকপোস্ট। পাশাপাশি অপরাধ দমনে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও (ডিবি) তৎপর থাকবে।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মহরম আলী বলেন, ঈদযাত্রাকে সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল টিম ও টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে পৃথক কন্ট্রোল টিম কাজ করবে। কোথাও যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে ও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হবে। 

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও নৌরুটকে ঘিরে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধ রোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে পুলিশ।

 

ঢাকা/চন্দন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়