বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, দুইদিন পর পুকুরে মিলল মরদেহ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিজয় বর্মণ
ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে বিজয় বর্মণ (২৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার বেগুনবাড়ি এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় বর্মণ ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মণের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন।
বিজয় বর্মণের ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ যায় সে। সেখান থেকে মাদক নিয়ে বাড়ি আসে। এরপর রাত ১২টার দিকে পুনরায় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দিতে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
গতকাল শনিবার দিনভর খোঁজাখুঁজি করেও বিজয়ের সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ রবিবার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরে কচুরিপানায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের লোকজন গিয়ে বিজয়ের মরদেহ সনাক্ত করে।
এ প্রসঙ্গে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম বলেন, নিহত বিজয় বর্মণ মাদকাসক্ত ছিল। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ঢাকা/মিলন
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু