ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৯ মে ২০২৬  
নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে কায়িশাবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামের বাসিন্দা। তারা জীবিকার তাগিদে ঢাকায় থাকত। ঈদের ছুটিতে গ্রামে আসে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পাঁচ থেকে সাত বন্ধু নদীতে গোসলে নামে। সাঁতার না জানায় অহিদ ও মাসুদ একপর্যায়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অহিদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মাসুদ রানাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল মামুন বলেন, “মাসুদ রানা নামে এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই কিশোরের মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/আমিরুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়