ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৪ জুলাই ২০২৪  
মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামার সেমিস্টার ২০২৪ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মেধাবৃত্তি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ইসরাত জাহান নাসরিন।

এসময় অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, তুমি ইংরেজি সাহিত্যে নাকি ইসলামিক স্টাডিজ বা আইন বিষয়ে পড়েছো, এটা এখন দেখার বিষয় নয়। এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে ভালো ফলাফলের পাশাপাশি তোমাদেরকে দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। প্রয়োজনে কোর্স করতে হবে। আন্তঃবিভাগ গবেষণাকর্মে আগ্রহী হতে হবে। কারিগরি ও প্রকৌশলগত জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীল হতে হবে। মানারাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পাঠক্রম সাজিয়েছে।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার কথা আমাদের চিন্তা করতে হবে। জাতির পিতার চেতনায় তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী নারীদের বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী এগিয়ে নিতে চেষ্টা করছেন। এছাড়া নতুন প্রজন্মকে আমাদের সঠিক ইতিহাস জানাতে হবে, তাদেরকে ভুল-বিভ্রান্তিমূলক তথ্যে আন্দোলিত হতে দেওয়া যাবে না। 

পরীক্ষায় অসাদুপয় অবলম্বন করাও দুর্নীতি উল্লেখ করে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান ড. সাদেকা হালিম।

ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আবদুর রহমান ও আইন বিভাগের প্রভাষক সুমাইয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কেএম আক্তারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন, সেন্টার অব জেনারেল অ্যাডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে সামার সেমিস্টার ২০২৪-এ ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া একই সেমিস্টারে বিভিন্ন বিভাগ থেকে মেধাবৃত্তি পাওয়া ছাত্রছাত্রীদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়