তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, লাইভে কাঁদলেন অথৈ
তানজিন তিশা, অথৈ
শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ দাবি করেছেন, শুটিং চলাকালে তাকে মারধর করেছেন সহশিল্পী তানজিন তিশা। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।
“শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য”—এই শিরোনামে লাইভে এসে অথৈ জানান, তিনি বর্তমানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জে রয়েছেন। সেখানে সহশিল্পী হিসেবে আছেন তানজিন তিশা, শহিদুজ্জামান সেলিম, মীর রাব্বীসহ অনেকে।
অথৈর দাবি, মানিকগঞ্জে পৌঁছানোর সময় তিনি সিনিয়র শিল্পী হিসেবে তিশার জন্য একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা তা গ্রহণ করেননি। অথৈর ভাষ্য, “প্রথম দিন শুটিংয়ের প্রথম দৃশ্যেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। আমাকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করেন। এতে আমার হাতে কিছুটা জখমও হয়।”
আজকের একটি দৃশ্যের শটের ঘটনা বর্ণনা করে অথৈ বলেন, “চিত্রনাট্য অনুযায়ী তিশাকে আমার চড় মারার কথা ছিল। আমি সংযতভাবেই দৃশ্যটি সম্পন্ন করি। কিন্তু ক্ষুব্ধ হয়ে তিশা আমাকে পাল্টা আঘাত করেন। সেটে উপস্থিত অন্যরাও বিষয়টি দেখেছেন।”
লাইভে এসে পুরোনো একটি মনোমালিন্যের কথাও উল্লেখ করেন অথৈ। তার দাবি, দুই বছর আগে এক নায়কের সঙ্গে কাজকে কেন্দ্র করে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল, যদিও পরে তা মিটে যায়।
অন্যদিকে, অথৈর এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তানজিন তিশা। তার বক্তব্য, “স্ক্রিপ্ট অনুসরণ না করে আগে আঘাত করেন অথৈ। এ পরিস্থিতিতে নিজেকে সামলাতে না পেরে প্রতিক্রিয়া দেখাই।”
অথৈ
পূর্ব শত্রুতার ব্যাপারটিও উড়িয়ে দেন তিশা। তার মতে, “ফাইনাল শুটিংয়ের আগেও রিহার্সেলে কোনো সমস্যা হয়নি। পূর্ব শত্রুতা থাকলে একসঙ্গে কাজ করতাম না। অথৈর বেশির ভাগ অভিযোগই ভিত্তিহীন।”
ঢাকা/রাহাত/শান্ত