খামেনিকে হত্যা করতে ইরানের ট্রাফিক ক্যামেরা, মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে ইসরায়েল
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপর নজরদারি চালাতে তেহরানের ট্রাফিক ক্যামেরা এবং মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছিল ইজরায়েল। একাধিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস।
ইসরায়েলের বেশ কয়েক জন বর্তমান এবং প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তেহরানের প্রায় সব কয়টি ট্রাফিক ক্যামেরার উপর নজর রাখা হয়েছিল। কয়েক বছর ধরে ট্রাফিক ক্যামেরার ফুটেজ গোপনে চলে যাচ্ছিল ইসরায়েলের তেল আবিবে থাকা সার্ভারে। এভাবেই খামেনির গতিবিধি সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছিলেন ইসরায়েলের গোয়েন্দারা।
তেহরানের পাস্তুর স্ট্রিটে খামেনির দপ্তরের নিকটবর্তী একটি ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি গোয়েন্দাদের কাছে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ ছিল। ওই ক্যামেরায় নজর রেখেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দেহরক্ষীদের গতিবিধি, তাদের গাড়ি রাখার জায়গা, এমনকি দৈনন্দিন কাজ সম্পর্কে অবহিত হয়েছিল ইসরায়েল। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন-কথোপকথন জানতে সে দেশের মোবাইল নেটওয়ার্কও হ্যাক করা হয় বলে দাবি করা হয়েছে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে।
এই বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরান আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
ঢাকা/শাহেদ