ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবি প্রেসক্লাবের নেতৃত্বে তাওহীদ-ওসমান, ইমন-হাবীব

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
জাবি প্রেসক্লাবের নেতৃত্বে তাওহীদ-ওসমান, ইমন-হাবীব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর ২০২৬–২৭ কার্যকরী পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমার দেশ এর প্রতিনিধি এস এম তাওহীদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সহ-সভাপতি পদে দৈনিক খোলা কাগজ-এর শাহরিয়ার আলম ও যুগ্ম-সম্পাদক পদে অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকম এর জাবি প্রতিনিধি আহসান হাবীব নির্বাচিত হন।

আরো পড়ুন:

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, এবং ক্যাম্পাসের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য নির্বাচিতদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে বাংলাদেশ গার্ডিয়ান-এর রবিউল ইসলাম এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আমাদের সময়-এর আলী হাসান মর্তূজা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর রাশেদুল ইসলাম ও দৈনিক অর্থনীতির কাগজ-এর মো. নিশান খান।

ফলাফল ঘোষণার পর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবে।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়