সিমাগো র্যাঙ্কিংয়ে খানিকটা পিছিয়ে ১৮ তম স্থানে খুবি
খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০,৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। সেই তালিকায় গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৮ তম স্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গত বছরে এটি ছিল ১৩ তম স্থানে।
র্যাংকিংয়ের তথ্যে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ২০২৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৩ তম, ২০২৪ সালে ১৫ তম, ২০২৩ সালে ১৯ তম, ২০২২ ১৭ তম, ২০২১ সালে ৭ তম, ২০২০ এবং ২০১৯ সালে ৩য় । অর্থাৎ গত কয়েক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে বেশ পরিবর্তন এসেছে।
গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবনে তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৪ তম, ১০ তম ও ৩৫ তম। আর এ তিনটি বিষয় মিলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থান দেশে ১৮ তম। তবে ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল যথাক্রমে ১৩ তম, ১১ তম ও ৩৩ তম। এর মানে দাঁড়াচ্ছে, উদ্ভাবন সূচকে গতবছর থেকে খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর কিছুটা পিছিয়েছে।
সিমাগো র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ঢাকা/হাসিবুল/জান্নাত