আজিমপুরে ঢাবির নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর লালবাগ থানার আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. এনায়েত উল্লাহ (৩৬) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে লালবাগ থানাধীন আজিমপুরের ছাপড়া মসজিদ কাশমিরিটোলা এলাকায় একটি বাসা থেকে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ফুফাতো ভাই আলমগীর হোসেন জানান, এনায়েত ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি আজিমপুরে একটি ভাড়া বাড়িতে স্ত্রী লুবনার সঙ্গে থাকতেন। কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয়ে ফোনে ঝগড়া হয় তার। এনায়েত ফোন কেটে দিলে স্ত্রী পাশের বাসার ভাড়াটিয়াকে ফোন করে বাসায় খোঁজ নিতে বলেন।
খোঁজ নিতে ভাড়াটিয়া বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বিষয়টি স্বজনদের জানালে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন দেখা যায়, নিজের কক্ষে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে এনায়েত গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছেন। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/সৌরভ/জান্নাত